সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ৫০ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলো।
দিগুবাবুর বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগেও নারায়ণগঞ্জের বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু বর্তমানে সেই মুরগিই বিক্রি হচ্ছে প্রায় ২৩৫ টাকায়। সাধারণত ১০ থেকে ২০ টাকা দাম বাড়া স্বাভাবিক হলেও এবার এক লাফে ৫০ টাকা বাড়ায় তা নজিরবিহীন বলে মনে করছেন অনেকেই।
বাজারে হঠাৎ এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নি¤œ আয়ের মানুষের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। অনেক পরিবারের জন্য ব্রয়লার মুরগি ছিল তুলনামূলক সস্তা ও পুষ্টিকর খাবারের অন্যতম উৎস। কিন্তু বর্তমান দামে তা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই লিখছেন, “এতো দামে মুরগি এখন আমাদের জন্য বিলাসিতা হয়ে গেছে।” কেউ কেউ আবার বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করছেন।
ক্রেতাদের অভিযোগ, বাজারে দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের মতে, সরকারের নজরদারি ও উদ্যোগের অভাবেই বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের এক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “মাত্র এক সপ্তাহের মধ্যে মুরগির দাম ১৮০ টাকা থেকে ২৩৫ টাকায় উঠে গেছে। সংসারের দৈনন্দিন খাবারের খরচ অনেক বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের খাবারের খরচ সামলানো এখন কঠিন হয়ে পড়ছে।”
আরেক ক্রেতা নাসরিন আক্তার, যিনি একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন, বলেন, “মাছ-মাংসসহ সব ধরনের খাদ্যের দাম বেড়েই চলেছে। একটি মাঝারি সাইজের মুরগি কিনতে এখন ৫৫০ থেকে ৬০০ টাকা লাগে। আমাদের মতো দরিদ্র মানুষের জন্য এটা বহন করা খুবই কঠিন।”
ক্রেতারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার তদারকি করবে এবং ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাদের মতে, নি¤œ আয়ের মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।