স্টাফ রিপোর্টার
শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমরা একটি চ্যালেঞ্জের মুখে পড়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য। ইরান ইজরায়েলের যুদ্ধ হলেও বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। মানুষের যে প্রত্যাশা আপনারা দেখেছেন সরকারের অঙ্গিকার অনুযায়ী ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। ১৬ তারিখ খাল খনন কাজ উদ্বোধন হবে। ইমাম মোয়াজ্জেমদের বেতনও সীমিত পরিসরে শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা যেগুলো চিন্তা করছি বা প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন এটা শুধু ভোট পাওয়ার জন্য নয়। প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশকে সে জায়গায় নিয়ে যেতে চান। বাংলাদেশে এমন বাস্তবমুখী নেতা আমরা জিয়াউর রহমানকে পেয়েছি তার সন্তান তারেক রহমানের মধ্যেও সেই উদ্দীপনা দেখতে পাই। সরকারি কর্মচারীরা উপস্থিত হওয়ার আগেই তিনি তার কর্মস্থলে চলে যান। তার সময়সূচী অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে নিয়মিত মিটিং করেন।
তিনি আরও বলেন, আমরা যখন বলি আমাদের এই স্বপ্ন দেখা দরকার তিনি বলেন ভাই আমিতো স্বপ্নে নেই, আমি বাস্তবায়নের পথে আছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই একটি ট্র্যাকে তুলতে পারবো।
বিএনপি জামায়াত এনসিপি আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। এ সরকার কারও প্রতিপক্ষ নয়। বাংলাদেশের ভবিষ্যত পুনর্গঠনের জন্য এ সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে আমরা সহযোগিতা করেছি সেভাবে এ সরকারকেও সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে।
আমাদের মত পথের পার্থক্য থাকবে বিতর্ক হবে। যেভাবে আমরা এই ইফতার মাহফিলে সকলে দল মত নির্বিশেষে উপস্থিত হয়ে নিজেদের কথা বলছি। সেভাবে বাংলাদেশের প্রশ্নে আমাদের একটি জায়গায় আসতে হবে।
তিনি বলেন, হয়ত যুদ্ধ দীর্ঘায়িত হবে না। যদিও এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অবস্থার অবনতি হলে আমাদের শ্রমিকরা যদি দেশে ফেরে। তাহলে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করছি। যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল তাদের সাথে সমন্বয় করে পরিবর্তিত টিকিটের সুবিধা যেন নাগরিকরা পায় সেই ব্যাবস্থা আমরা করেছি। আমরা ভিসার মেয়াদ বাড়ানোর জন্যেও দূতাবাসগুলোতে আহ্বান জানিয়েছি। আমাদের দূতাবাস গুলোও কাজ করছে।