সোজাসাপ্টা রিপোর্ট: গাইবান্ধা জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা শামীকুল ইসলাম লিপন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শামীকুল ইসলাম জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। একটি মামলায় দীর্ঘ দিন থেকে বন্দি ছিলেন তিনি।
জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘ দিন ধরে গাইবান্ধা সদর থানায় দায়ের একটি মামলার হাজতি ছিলেন। আগেও কারাগার থেকে তিনি চিকিৎসা গ্রহণ করেন।
শামীকুল ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০১৮ সাল থেকে আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৮ ডিসেম্বর রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শামীকুল পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণ মারী গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় ছেলে। পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষও ছিলেন তিনি।