স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম-এর ছেলে এবং মহানগর বিএনপির নেতা আবুল কাউসার আশা। চাঁদাবাজদের উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের শান্তি নষ্ট হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে একথা জানান তিনি।
আবুল কাউসার আশা লেখেন, সাবধান করার পরও মদনপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ হয়নি। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ রমজানের প্রথম দিন থেকেই সাধারণ মানুষ শান্তিতে থাকবে। কিন্তু যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছেন, তারা কি তখন বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন?”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, আসন্ন রমজানকে সামনে রেখে অপরাধ দমনে কঠোর বার্তা দিতেই এমন মন্তব্য করেছেন তিনি।
জানা যায়, মদনপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।
এ বিষয়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা জানান, দলের পক্ষ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কেউ দলের নাম ভাঙিয়ে এসব কর্মকা-ে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তারা।