সোজাসাপ্টা রিপোর্ট: একটি নতুন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন, সেই নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন।
বৃহস্পতিবারের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, তিনি এখনও সেই ভিডিওটি দেখেননি। তিনি বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। যদি এমন ভিডিও থেকে থাকে, তা যদি সত্যি হয় বা ভুয়া হয়, আমরা যথাযথ ব্যবস্থা নেবো।’ খবর এনডিটিভির
যে ভিডিওটি নিয়ে এত আলোচনা হচ্ছে, তা গত বছরের অক্টোবরের বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। ওই সময় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালককে নিয়ে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাম্প।
সেখানে তিনি মোদীকে প্রশংসা করে বলেন, ‘তিনি চমৎকার মানুষ। (নরেন্দ্র) মোদী অসাধারণ ব্যক্তি, তিনি আমাকে পছন্দ করেন। আমি জানি না ‘পছন্দ’ শব্দটা ঠিক আছে কিনা, কিন্তু আমি চাই না আপনারা এটাকে অন্যভাবে নেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চাই না, তবে আপনাদের বুঝতে হবে, আমি অনেক বছর ধরে ভারতকে দেখছি। আমার বন্ধু সেখানে অনেক বছর ধরে (ক্ষমতায়) আছেন।’
ট্রাম্পের এই মন্তব্যের পর সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে চান, জয়সওয়াল এ বিষয়ে ‘যথাযথ ব্যবস্থা নেওয়ার’ কথা জানান।
এদিন রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও তাকে প্রশ্ন করা হয়। জয়সওয়াল বলেন, ‘রাশিয়া ও ভারতের মধ্যে ব্যবসা, সংস্কৃতি, মানুষ-মানুষে সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান সংলাপ ও সহযোগিতা রয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।’