প্রিন্ট এর তারিখঃ Feb 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাসের নেতৃত্বদানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এরপর রোববার (২২ ফেব্রুযারি) সকালে ড. ইউনূসের পুরোনো কর্মস্থলে ফেরার কথা তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বদানের ১৮ মাস বিরতির পর রোববার অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার পূর্বের দায়িত্বে ফিরে আসায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছানোর পর তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগ দেন।
এতে আরও জানানো হয়, ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই মাসের শেষের দিকে ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে আসার পরিকল্পনাও করেছেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকার দৈনিক সোজা সাপটা