প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
আমি ব্যার্থ হওয়ার জন্য আসিনি: সাখাওয়াত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনাদের এই কাজ অস্থায়ী। আমি চাইলে সবাইকে বদলে দিয়ে নিজের দলের লোকদের দিতে পারতাম। আমি আপনাদের সকলকে নিয়েই কাজ করতে এসেছি। আমি ব্যার্থ হওয়ার জন্য আসিনি। আমি ব্যার্থ হলে তারেক রহমানের বদনাম হবে।
রোববার (৮ মার্চ) ডেঙ্গু, চিকনগুনিয়ার মত মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন শাখার কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন নাসিক প্রশাসক।
তিনি আরও বলেন, আপনারা গুরুত্বপূর্ণ সেবার দায়িত্বে আছেন। এই সেবা মানুষের জীবন মৃত্যুর সাথে জড়িত। গতবছর আমার ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এই চিকিৎসাটা ব্যায়বহুল। অনেকে এই রোগী মৃত্যুবরণ করেছে। এছাড়াও মশা বাহিত আরেকটি রোগ হল চিকনগুনিয়া।
তিনি বলেন, মাঠ পর্যায়ে মশক নিধন কর্মসূচিকে গতিশীল করার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আপনাদের সাথে কথা বলার জন্য আজ আপনাদের ডেকেছি। গত ১২ তারিখে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিজয় লাভ করেছে। গত ২৪ তারিখে সরকার আমাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য ও মানুষকে ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে রক্ষা করার জন্য।
আপনাদের একাগ্রতা ও নিষ্ঠার ওপর এই কর্মসূচির সফলতা নির্ভর করে। আপনারা ঔষধ নিয়ে গেলে সঠিকভাবে প্রয়োগ করলেন না। তাহলে কিন্তু মশা নিধন হবে না। মশক নিধনের জন্য আমাদের আপনাদের ওপর নির্ভর করতে হয়।
আমাদের নেতা তারেক রহমান আমাদের অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো দিয়েছে তার একটি মশা নিধন। আপনারা সিটি করপোরেশনে চাকুরি করেন। এখানে যারা চাকুরি করে তারা আট ঘন্টা ডিউটি করে। আপনারাও নারায়ণগঞ্জের বাসিন্দা আমিও নারায়ণগঞ্জের বাসিন্দা। আমি প্রতিটি মহল্লার মানুষকে চিনি৷ গত কয়েক বছরে আমি যেখানে বসবাস করি সেখানে আপনাদের কোনদিনও দেখিনি। আমি সিটি করপোরেশনের নাগরিকদের সেবা দিতে এসেছি। আপনারা আমার হ্যান্ডস, আপনাদের মাধ্যমে আমাকে সেবা দিতে হবে। আপনারা আপনাদের চার ঘন্টা ঠিকমত কাজ করলেই মশক নিধন সম্ভব। আপনারা প্রতিদিন মশক নিধনের কাজ করবেন। আপনারা সততার সাথে এ কাজ করবেন।
আমি সাত আট জনের তদারকি কমিটি করছি। তারা আপনারা কোথায় ঔষধ দিচ্ছেন সেটা আমাকে এসে বলবে। আমি প্রতিদিন অনেক ফোন পাই আমাদের পরিচ্ছন্ন কর্মীদের কন্ট্রাক্টরের কাজ সম্পর্কে। আপনারা অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনারা জানেন কোন এলাকাগুলোতে মশার উপদ্রব বেশি।
মশার মাধ্যমে অনেক রোগ দেখা দেয়। আপনার পরিবারে কী ডেঙ্গু হয়নি? হয়েছে। এটা থাকলে আমার পরিবার আপনার পরিবারও রক্ষা পাবে না। আমি যেখানে যাই সেখানেই মানুষ শুধুই মশার কথা বলে। আমি আমার এলাকার ড্রেনে দেখেছি মশার উপদ্রব। আমরা নাগরিকদেরও সচেতন করবো। আমরা কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করবো।
শহরের অবস্থা আগের থেকে ভাল হয়েছে। আরও ভাল হবে ইনশাল্লাহ। সকলের মধ্যে ন্যায় নীতি আছে। আপনারা বেতন পান, কম আর বেশি। আপনারা যদি সময়মত কাজটা না করেন তাহলে আপনি আপনার চাকুরির সাথে অসততা করলেন। হালাল রিজিকটা সবচেয়ে বড় বিষয়। এটি সকল ধর্মের জন্যই।
আমি আপনাদের ভালবাসি। আমাকে আপনাদের ভালবাসতে হবে না। আপনারা ভালবাসবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাগরিকদের। যদি সঠিকভাবে চাকরি না করেন তাহলে কী আপনাদের চাকরিতে থাকার অধিকার আছে? আপনারা সেভাবেই কাজ করবেন। আপনারা নিষ্ঠার সাথে এক মাস কাজ করলেই কিন্তু মশা থাকবে না।
© সকল কিছুর স্বত্বাধিকার দৈনিক সোজা সাপটা