প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তা নাসিকে!

স্টাফ রিপোর্টার: দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকা প্রকৌশলী খায়রুল বাকেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বদলি করায় উদ্বেগ ও আপত্তি জানিয়েছে নাগরিক সমস্যা নিয়ে কাজ করা সংগঠন- নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। একজন ‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় নগরবাসীর দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করে তারা এই নিয়োগ বাতিলেরও দাবি জানিয়েছেন।
শনিবার (৭ মার্চ) সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, খাইরুল বাকের নামে একজনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পাঠানো হচ্ছে। যিনি ইতোপূর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োজিত থেকে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে প্রেষণে রাজশাহী সিটি কর্পোরেশনে বদলি হয়েছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশন তাকে গ্রহণ না করায় এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তাকে পাঠানো হচ্ছে।”
খোঁজ নিয়ে জানা যায়, গত ৪ মার্চ খায়রুল বাকেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বদলির প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দ্রুততার সঙ্গে রাজশাহী থেকে নারায়ণগঞ্জের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নাগরিক আন্দোলন বলছে, “প্রজ্ঞাপনের কপিটি আমাদের হস্তগত হয়েছে। আমরা দেখলাম, এই খাইরুল বাকেরের দুর্নীতি নিয়ে বিগত সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, তিনি দুর্নীতি করে দেড় হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এমন একজন ব্যক্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নিয়োগ পেলে নারায়ণগঞ্জের নগরবাসীর দুর্ভোগ বাড়বে বলে আমরা মনে করছি। তাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ পূর্বক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে দুর্নীতিগ্রস্ত খায়রুল বাকেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে গ্রহণ না করার দাবি জানাচ্ছি।”
খায়রুল বাকেরের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলায়। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি বেসরকারি টেলিভিশন অনুসন্ধানে নামলে তার গ্রামে সাংবাদিকের উপর হামলার ঘটনাও ঘটে। ওই হামলার ঘটনায় খায়রুল বাকের ও তার ভাইসহ কয়েকজনকে আসামি করে মামলাও হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার দৈনিক সোজা সাপটা