প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
চাঁদাবাজদের বিরুদ্ধে ফেরদৌসের হুংকার!

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
তিনি বলেছেন, রাজনৈতিক জোট বা নির্বাচনী সমঝোতার সুযোগ নিয়ে কেউ যদি চাঁদাবাজিতে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আবারও দল থেকে বহিষ্কার করা হবে এবং চাঁদাবাজদের মুখোশ উন্মোচনে তাদের ছবি দিয়ে পোস্টারিং করা হবে।স্রাম্পতি গনমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ফেরদৌসুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কোথাও বসলে অনেকে বলে আমাদের পাশে নাকি চাঁদাবাজ বসে থাকে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেই না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।
ফেরদৌসুর রহমান বলেন, নির্বাচনের সময় অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আবার নির্বাচনকে কেন্দ্র করে কিছু ক্ষেত্রে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে এখন কেউ যদি সেই সুযোগ নিয়ে চাঁদাবাজি করে, তাহলে তাদের আর ছাড় দেওয়া হবে না।
তিনি বিশেষ করে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, ফতুল্লায় যে যত বড় নেতা হোন, সাবধান হয়ে যান। নির্বাচনের সময় আপনাদের সঙ্গে জোট হয়েছে, কিন্তু চাঁদাবাজির টেন্ডার আমরা কাউকে দেইনি।
তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি ব্যবসায়ী বা সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আবারও বহিষ্কার করা হবে।
একই সঙ্গে তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা প্রকাশ্যে অবস্থান নেব। প্রয়োজনে তাদের ছবি দিয়ে পোস্টারিং করা হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারে কারা এসব অপকর্মে জড়িত।
স্থানীয়দের মতে, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ফেরদৌসুর রহমানের এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকার দৈনিক সোজা সাপটা