আসিমের কনসার্টে হানিয়া, ফের আলোচনায় পাকিস্তানের এ জুটি
আসিমের কনসার্টে হানিয়া, ফের আলোচনায় পাকিস্তানের এ জুটি
- আপডেট সময় : ০৩:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১১৩ জন পড়েছেন
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারকে নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি করাচিতে আসিমের এক কনসার্টে হানিয়ার উপস্থিতি তাদের পুরোনো সম্পর্ক নিয়ে আবারও আলোচনা উসকে দিয়েছে।
করাচিতে আয়োজিত এই কনসার্টে সামনের সারিতে বসে হানিয়াকে বন্ধু ইয়াশমা গিলের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।
কনসার্টে আসিম যখন তার জনপ্রিয় গান ‘তারাস্তি হ্যায় নিগাহেন’ গাইছিলেন, তখন ক্যামেরার লেন্স ঘুরে যায় হানিয়ার দিকে। ভিডিওতে দেখা যায়, গানটি শোনার সময় হানিয়াকে বেশ আবেগপ্রবণ ও মুগ্ধ দেখাচ্ছে। এরপর থেকেই নেটিজেনরা সেই ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করছেন।
সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা।
কনসার্টে হানিয়ার উপস্থিতি দেখে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, “এত বছর পর একসঙ্গে! আমার ‘হাসিম’ হার্ট আবার লাইভ!” কেউ আবার মনে করছেন, তারা কেবল পেশাদার বন্ধু হিসেবেই একে অপরের প্রতি সমর্থন দেখাচ্ছেন।
২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত হানিয়া ও আসিমের প্রেম নিয়ে সরগরম ছিল পাকিস্তানি মিডিয়া। অনেকেই তাদের ‘আদর্শ জুটি’ বলে আখ্যা দিয়েছিলেন। তবে ২০২০ সালে হানিয়া জানান, তারা শুধুই ভালো বন্ধু।
এরপর আসিম মডেল মেরুব আলীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং আগামী মাসে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।
হানিয়ার কনসার্টে আসার পর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি তাদের সম্পর্ক এখনো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু?
অবশ্য এখনও পর্যন্ত হানিয়া বা আসিম কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে হানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ছবি ও ইমোজি শেয়ার করে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন।
























